রাজশাহীর পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, গাছ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা না গেলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর দেশে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। গাছকে সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে। শুধু মেহগনি নয়, পরিবেশের প্রয়োজন অনুযায়ী ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছও লাগাতে হবে। বিদ্যালয়, বাড়ির আঙিনা ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত হতে হবে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে। ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলা মেনে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।