ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগটির সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বিভাগের সভা কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বিভাগটির সদস্য বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক ড. সঞ্চয় কুমার সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. এ. এস. এম. শরফরাজ নওয়াজ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি উম্মে সালমা লুনা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম এবং বিভাগটির সাবেক সভাপতি ড. সঞ্চয় কুমার সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতির কাজটি গভীর দায়িত্ববোধের। সেই সাথে আস্থা, আমানতদারিতা ও কর্তব্যবোধেরও। একজন ব্যক্তির পক্ষে একা একটি বিভাগ চালানো কঠিন, তাই এর সঙ্গে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমি সকল কাজ সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে করবো। শিক্ষার্থীদের স্বার্থের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবো। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে কাজ করার চেষ্টা করবো।
ডিন আব্দুস শাহিদ মিয়া বলেন, সভাপতিত্বের দায়িত্ব পারস্পরিক সহযোগিতার। সভাপতি বস নন, কিন্তু তার সার্বক্ষণিক সর্বোচ্চ সহযোগিতা থাকবে। পূর্ববর্তী সভাপতি সফলভাবে তার দায়িত্ব পালন করেছে। বর্তমান সভাপতি ইতঃপূর্বে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, আশা করি তিনি এই দায়িত্বও ভালোভাবে পালন করবেন। আমাদের সর্বোচ্চ সমর্থন থাকবে।