দীর্ঘ সাড়ে আট বছর বন্ধ থাকার পর রাজশাহীর চারঘাট উপজেলার শতবর্ষী নন্দনগাছী রেলস্টেশন আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্টেশনটিতে একজন স্টেশনমাস্টার পদায়ন করা হয়েছে। পাশাপাশি স্টেশনের কার্যক্রম চালুর প্রস্তুতিও শুরু হয়েছে।
দীর্ঘ সাড়ে আট বছর বন্ধ থাকার পর রাজশাহীর চারঘাট উপজেলার শতবর্ষী নন্দনগাছী রেলস্টেশন আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্টেশনটিতে একজন স্টেশনমাস্টার পদায়ন করা হয়েছে। পাশাপাশি স্টেশনের কার্যক্রম চালুর প্রস্তুতিও শুরু হয়েছে।
জানা গেছে, ১৯২৯ সালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছী রেলস্টেশনটি স্থাপিত হয়। শতবর্ষী এই স্টেশনটির কার্যক্রম ২০১৮ সালের ৪ জানুয়ারি বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী স্টেশনটিতে স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ ১২ জন জনবল থাকার কথা ছিল। তবে বন্ধ হওয়ার পর পোর্টারম্যান পদে একজন কর্মরত ছিলেন।
স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকলেও স্থানীয় লোকাল ট্রেনগুলো এখানে থামত। তবে কোনো টিকিট বিক্রি হতো না। ফলে দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।
স্টেশনটি পুনরায় চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। এ দাবিতে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ডিও লেটারও দেন।
স্থানীয়দের মতে, নন্দনগাছী রেলস্টেশনটি চারঘাট, বাঘা ও পুঠিয়া—এই তিন উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এসব এলাকার হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কপথে যাতায়াতে নানা ভোগান্তি থাকায় রেলপথ চালু হলে তাদের যাতায়াত সহজ হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, নন্দনগাছী স্টেশনে নিয়মিত ট্রেনের যাত্রাবিরতি হলে তিন উপজেলার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে রেলওয়েরও রাজস্ব আয় বাড়বে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা জানান, নন্দনগাছী রেলস্টেশনে কার্যক্রম চালুর কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে স্টেশনটির কার্যক্রম চালু করা হবে।