রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের নিয়ম অনুযায়ী রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের টিফিনে ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক অস্বস্তির কথা জানায়। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, ভর্তি শিক্ষার্থীদের খাদ্যে বিষক্রিয়ার মতো উপসর্গ ও পেটব্যথা রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পরিবেশন করা খাবার থেকেই তারা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে বর্তমানে সব শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে খাবারের মান নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকলে এমন ঘটনা বারবার ঘটতে পারে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’। এ বিষয়ে বক্তব্য জানতে সংস্থাটির জেলা সমন্বয়কারী কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে জেলার আরও চারটি প্রাথমিক বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।