রাজশাহী

বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‌নিজস্ব প্রতি‌বেদক
ছবি: সংগৃহীত

:বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং মানচিহ্ন অবৈধভাবে ব্যবহারের অভিযোগে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণের দায়ে শোয়াইব সিফাত বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাফিসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।