রাজশাহী

রাজশাহীর বরেন্দ্রে জলবায়ুসহনশীল বৃক্ষরোপণ ও বীজ বপন

রাজশাহীর খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সহনশীলতা ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজশাহীর খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সহনশীলতা ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তানোর উপজেলার তালন্দ আনন্দমোহন উচ্চ বিদ্যালয় এলাকায় বারসিক, গ্রিন কোয়ালিশন ও বিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় কৃষিপদকপ্রাপ্ত কৃষি গবেষক ও গ্রিন কোয়ালিশনের তানোর উপজেলা আহ্বায়ক কৃষক নুর মোহাম্মদ। পরে শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-কৃষাণী ও সংগঠনের সদস্যরা তালন্দ গ্রামের দুই কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন দেশি প্রজাতির বীজ বপন করেন।

কর্মসূচিতে দুই হাজার তাল, এক হাজার বড়ই, ৫০০ নিম, ১০০ তেঁতুল, ২০০ দেশি খেজুর, ১৫০ কাঁঠাল ও প্রায় ৪০০ জামবীজ বপন করা হয়।

কৃষক নুর মোহাম্মদ বলেন, দেশি গাছ কমে যাওয়ায় মানুষের খাদ্যবৈচিত্র্যের পাশাপাশি পাখিদের আবাসস্থলও কমেছে। বরেন্দ্র অঞ্চলে তাল-খেজুরসহ দেশি গাছ সংরক্ষণ এবং গাছ কাটা বন্ধের দাবি জানান তিনি।

বক্তারা বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি পুরোনো ও শতবর্ষী গাছ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।