বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।”
এর আগে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী থাকেন। তবে দলীয়ভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত একজন প্রার্থীকে চূড়ান্ত করা হবে। দলের সিদ্ধান্তের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপির থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।