রাজশাহীতে হরিয়ান স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে পড়েন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। রাজশাহীর আগের স্টেশন হরিয়ান অতিক্রম করার পরপরই ট্রেনটি সমস্যায় পড়ে। চলন্ত অবস্থায় ট্রেনের একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় সেটি লাইনের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে জানানো হয়।
দুর্ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি রেললাইন সংস্কারের কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।