আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমিয়ে জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উৎপাদন খরচ ও বাজারে আলুর কম দামের কারণে কৃষকরা এমনিতেই লোকসানে রয়েছেন। এর মধ্যে হিমাগার ভাড়া বাড়ানোয় তাঁদের লোকসান আরও বাড়ছে। জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বস্তার নিট ওজন থেকে ৫ কেজি বাদ দিয়ে প্রতি কেজি আলুর সর্বোচ্চ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।
জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলী শাহ বলেন, প্রায় দুই বছর ধরে যৌক্তিক হিমাগার ভাড়ার দাবি জানানো হচ্ছে। জেলা সুপারিশের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলনের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি বলেন, হিমাগার ভাড়া বাড়ায় কৃষক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। দ্রুত জেলা সুপারিশ অনুযায়ী ভাড়া চূড়ান্ত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সদস্য মিঠু হাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আলুচাষিরা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।