রাজশাহী

কথিত সাংবাদিক

রাজশাহীতে ইয়াবাসহ বহিষ্কৃত যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত


সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের অভিযোগে রাজশাহীতে মিশাল মন্ডল নামে এক ব্যক্তিকে ২১ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, মিশাল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন।

আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে।বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিশালকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, মিশাল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে তার সাংবাদিক পরিচয় ও মাদক কারবারের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিতেন। তবে বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, আটক মিশালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।