বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় রাজশাহীতে নির্মিত হচ্ছে পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া শিশু পার্কের সামনে ভবনটির ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মামুনুর রশীদ।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ৩ হাজার ৭৫ দশমিক ৪২ বর্গফুট আয়তনের ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৪৪ টাকা। পাঁচতলা ফাউন্ডেশনের ওপর দুইতলা ভবনটি নির্মাণ করা হবে। ভবনের নিচতলায় থাকবে দোকানঘর। দ্বিতীয় তলায় থাকবে হলরুম, কমিউনিটি স্পেস ও ব্রেস্টফিডিং কর্নার।
ভবনটি নির্মাণে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব হলোব্লক। বিদ্যুতের চাহিদা পূরণে ভবনে নিজস্ব সোলার প্যানেল স্থাপন করা হবে। বিশেষায়িত তাপরোধী গ্লাস ব্যবহারের পাশাপাশি ছাদে দেওয়া হবে তাপরোধী রঙের কোটিং। এসব ব্যবস্থা ভবনের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের সামনের অংশে থাকবে ভার্টিক্যাল গার্ডেনিং, যা ভবনটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
প্রকৌশল বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলে এটিই প্রথম এ ধরনের গ্রিন বিল্ডিং। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবনটি নির্মাণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ১৭ নম্বর পূর্ব ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলী, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবু, যুবনেতা তৌফিক আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।