২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশের ভিত্তিতে আগামী বছরের রমজান মাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ মার্চ।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের প্রথম এক-তৃতীয়াংশে পড়বে। হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিদ্যাগত হিসাব বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ পড়বে ৬ ফেব্রুয়ারি শনিবার। ওই দিন রমজানের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে পবিত্র রমজান।
এদিকে রমজান মাস শেষে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। জর্ডান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ৮ মার্চ সোমবার রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে রমজান ও ঈদের তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি ক্যালেন্ডারের মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বিদ্যাগত হিসাবের ভিত্তিতে সম্ভাব্য তারিখ জানা গেলেও চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর রমজান শুরু ও ঈদ উদযাপিত হয়। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশে ২০২৭ সালের রমজান ও ঈদের তারিখ এক দিন আগে-পরে হতে পারে।
তথ্যসূত্র: জর্ডান নিউজ