ধর্ম

এমসি ইনস্টিটিউট ফ্রান্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আদর্শ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্স মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন

রোকনুজ্জামান, প্যারিস (ফ্রান্স)
এমসি ইনস্টিটিউট ফ্রান্স আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক শিশু প্রতিযোগী পুরস্কার গ্রহণ করছে।
এমসি ইনস্টিটিউট ফ্রান্স আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক শিশু প্রতিযোগী পুরস্কার গ্রহণ করছে।

আদর্শ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্স মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করেছে।

শনিবার বিকেলে প্যারিসের সন্নিকটে ওবেয়ারভিলিয়ে-এ অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সমাজকর্মী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশ, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরাকানী (মামুন), ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স আভেক রব্বানী’র প্রতিষ্ঠাতা ও স্থানীয় নির্বাচিত কাউন্সিলর কৌশিক রব্বানী, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, হাসান হক, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা কাওছার উদ্দিন, মাওলানা নাজির আহমেদ নাহিদ, সদস্য কবি তোফায়েল আহমেদ জয়নুল, হাবিব আলম, আতিকুর রহমান মিলন ও অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ।

এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন উদ্দিন, হাবিবুর রহমান, মোহাম্মদ ফিরোজ, মিসেস কামারুজ্জামান, প্রভাষক ফখরুল ইসলাম, ফরহাদ হোসেন, মাহবুব হাসান, হাসান আরেফিন, হাসান ইনু ও আল আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমরান আহমদ এবং মাওলানা সেলিম আহমদ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম নানা সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এমসি ইনস্টিটিউট ফ্রান্স-এর মতো প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের মূলমন্ত্র।

 বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এমসি ইনস্টিটিউট ফ্রান্স সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমসি ইনস্টিটিউট ফ্রান্স-এর শিক্ষা ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।