ধর্ম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজ টাইমস ডেস্ক:
আজ বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দোয়া, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করবেন। অনেকে নফল রোজাও রাখবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি চলছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাদ মাগরিব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান করবেন।

এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলা, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল, সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে আজ সরকারি ছুটি। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।