ধর্ম

ইজতেমা

বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানাল সরকার

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের কথা রয়েছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও তা চূড়ান্ত করার আগে বিশ্ব ইজতেমার দুই পক্ষের সঙ্গে আরও আলোচনা করা হবে। সাদপন্থি ও জুবায়েরপন্থিদের মধ্যকার মতপার্থক্য দূর করে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের বছরের তুলনায় বর্তমানে পরিস্থিতি ভালো। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কিছুটা সময় প্রয়োজন। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলছে।

ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।